চুয়াডাঙ্গায় ৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

চুয়াডাঙ্গার ৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত এলাকা থেকে আটক চার কোটি ৭ লাখ ৭ হাজার ৭২৩ টাকা মূল্যের বিভিন্ন মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। গত এক বছরে ভারত থেকে পাচার করা এসব মাদকদ্রব্য বিভিন্ন সীমান্ত এলাকা থেকে আটক করে বিজিবি।

আজ বুধবার (২৯ জানুয়ারি) সকালে ৬ বিজিবির সদর দপ্তরে এসব ধ্বংস করা হয়। ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে ছিল ৯ হাজার ২৭৯ বোতল ফেনসিডিল, ৩ হাজার ১৬৩ বোতল বিদেশি মদ, ২০ বোতল বিয়ার, ১৭২ কেজি গাঁজা, সাড়ে ৯ কেজি হেরোইন, আড়াই কেজি কোকেন, ২০৯ পিছ ইয়াবা, ১১ হাজার ৬০ পিছ নেশাজাতীয় ট্যাবলেট ও ১ হাজার ৬৯৬ পিছ নেশাজাতীয় ইনজেকশন।

অনুষ্ঠানের প্রধান অতিথি কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মো. মারুফুল আবেদীন উপস্থিত অতিথিদের নিয়ে উদ্ধার করা মদের বোতল ভেঙে মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন। পরে বুলডোজারের চাকায় পিষ্ট করা হয় উদ্ধার করা মদ ও ফেনসিডিলের বোতল। এসময় উদ্ধার করা গাঁজা, নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশনসহ অন্যান্য মাদক আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মাদকদ্রব্য ধ্বংসকালে উপস্থিত ছিলেন বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মো. মারুফুল আবেদীন, ৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানসহ বিজিবি, ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল আলম, ৬ বিজিবি পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান, মেহেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা, চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. আব্দুর রহমান, চুয়াডাঙ্গার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরীন আক্তারসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *