জেনেভা ক্যাম্প থেকে চিহ্নিত মাদক কারবারি নাসিমসহ গ্রেপ্তার ৩

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে ১৫০০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী নাসিমকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এ সময় তার দুই সহযোগী কালু ও আসিফকেও আটক করা হয়।

শুক্রবার (৮ আগস্ট) বিকেলে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একটি গোয়েন্দা দলের অভিযানে প্রথমে বসিলা এলাকা থেকে ইয়াবা লেনদেনের সময় কালু (৫০) ও আসিফ (২৫) নামের দুইজনকে হাতেনাতে ধরা হয়।

তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পরে জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে মূল হোতা নাসিমকে (৪৫) গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় আরও ১৪০০ পিস ইয়াবা।

সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, ‘নাসিমকে গ্রেপ্তারের জন্য আগেও একাধিকবার অভিযান চালানো হয়, তবে সে আগে থেকেই খবর পেয়ে পালিয়ে যেত। এবার সে পালাতে পারেনি।’

নাসিমের বাসা থেকে তল্লাশি চালিয়ে বাসার আশেপাশে তিনটি সিসিটিভি ক্যামেরা উদ্ধার করা হয়, যা সরাসরি তার মোবাইলের সঙ্গে সংযুক্ত ছিল। ধারণা করা হচ্ছে, এই ক্যামেরার মাধ্যমে সে আইনশৃঙ্খলা বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করত এবং আগাম সতর্ক হয়ে পালিয়ে যেত।

গ্রেপ্তারকৃত তিনজনকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *