
বালুবোঝাই ড্রামট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত হয়। এর মধ্যে ২ জন ঘটনাস্থলে এবিং ২ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ময়মনসিংহের গাছতলা বাজারে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৭টায় জেলার সদর ও তারাকান্দা সীমানা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আব্দুর রশিদ (৫৫), তার স্ত্রী বকুল আক্তার (৪৫), শ্যালক বিদ্যা মিয়া (৪২), পুত্রবধু লাবনী আক্তার (১৮)। তারা সবাই নেত্রকোনা সদরের বাহাদুরপুর এলাকায়।
শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার নাজমুস সাখাওয়াত বিষয়টি নিশ্চিত করেন।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, সকাল ৭টায় ঘনকুয়াশার মাঝে ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী সিএনজিতে বাড়ি যাচ্ছিল আব্দুর রশিদের পরিবার। এ সময় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ড্রামট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।
পুলিশ আরও জানায়, ঘটনাস্থলে নিহত লাবনী ও বিদ্যা মিয়ার লাশ শ্যামগঞ্জ হাইওয়ে ফাড়িতে রয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুর রশীদ ও তার স্ত্রী বকুল আক্তার।