
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আটক মা ও ছেলেকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ফেরত দিয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার বৈরচুনা ইউনিয়নের পশ্চিম ভবানীপুর এলাকায় সীমান্তের শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনা হয়।
দিনাজপুর-৪২ বিজিবির চান্দেরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মনির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল শনিবার (২৫ জানুয়ারি) সকালে রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের মাধবপুর গ্রামের বাসিন্দা নিরলা (৪৪) এবং তার ছেলে আকাশ রায় (২২) বৈরচুনা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় বিএসএফের হাতে আটক হন। বিজিবির পক্ষ থেকে তাদের ফেরত চেয়ে বিএসএফের সঙ্গে আলোচনা শুরু হয়।
বিকেলে চান্দেরহাট বিজিবি এবং ভারতের চকসিবানন্দ ক্যাম্পের বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন সুবেদার মনির উদ্দিন এবং বিএসএফের পক্ষে ইন্সপেক্টর শরৎ চক্রবর্তী। দীর্ঘ আলোচনার পর তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
ফেরত আসার পর নিরলা ও আকাশকে বিজিবি থানায় সোপর্দ করে। পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) তাদের ঠাকুরগাঁও আদালতে তোলা হবে।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে স্থানীয়দের আরও সচেতন করার উদ্যোগ নেওয়া হবে। অবৈধ অনুপ্রবেশের ফলে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে অপ্রত্যাশিত পরিস্থিতি সৃষ্টি হতে পারে, যা এড়ানোর জন্য সকলকে নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়েছে।