ডাকসু নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনেও দেখা যাবে: চরমোনাই পীর

ডাকসু নির্বাচনে ইসলামপন্থার বিজয় জাতিকে আশার আলো দেখিয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। আগামী জাতীয় নির্বাচনেও এর প্রভাব দেখা যাবে বলে মনে করছেন তিনি।

আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী নতুন নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দেওয়া এক বিবৃতিতে তিনি এ সব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, ধর্মের প্রতি ভালোবাসা এবং জীবন পরিচালনায় ধর্মের প্রাধান্য বাংলাদেশের মানুষের হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতি। ডাকসুতে মুক্ত ও স্বাধীন, নিরপেক্ষ ভোট দেয়ার প্রথম সুযোগেই মানুষের ভেতরকার ইসলাম বোধের প্রস্ফুটন হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ দীর্ঘদিন নির্বাচনী সংস্কৃতি থেকে দূরে ছিল। তরুণ প্রজন্ম ভোট দিতে পারেনি। এমন বাস্তবতায় ডাকসু নির্বাচন জাতির জন্য একটি আশার আলো হয়ে থাকবে। এ জন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান।

বিভিন্ন প্যানেল এবং স্বতন্ত্রভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সবাইকেও তিনি অভিনন্দন জানান।

তিনি বলেন, ‘নির্বাচনে জয়-পরাজয় স্বাভাবিক বিষয়। তোমরা যে নিজেদেরকে দায়িত্বশীল হিসেবে উপস্থাপন করেছ, শিক্ষার্থীদের কাছে গিয়েছো এটাই তোমাদের ভবিষ্যৎ জীবনকে আরো শানিত করবে।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ডাকসুর নতুন নেতৃত্বের প্রতি আহ্বান রেখে বলেন, দল-মত নির্বিশেষে সকলকে আপন করে নিতে হবে। সকলের মতের স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা নিশ্চিত করতে হবে।

মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ইসলামের উদারতায় সবাইকে সাথে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আরও উন্নতমানে নিয়ে যেতে হবে। ইসলামের প্রাথমিক কালে সকল ধর্ম ও চিন্তার মানুষ যেভাবে ইসলামে স্বাচ্ছন্দ্যবোধ করেছে, তোমাদের কার্যকালেও যেন সবাই স্বাচ্ছন্দ্য ও নিরাপদবোধ করে সেই ব্যবস্থা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *