ডিএমপির ৪ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

সরকারি অনুমতি বা ছুটি না নিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে আরও চারজন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১৩ জুলাই) জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ বিষয়ে পৃথক চারটি প্রজ্ঞাপন জারি করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ২০১৮ এর ২(খ) এবং ২(চ) ধারা অনুযায়ী, অনুমতি ব্যতীত কর্মস্থলে অনুপস্থিত থাকা ‘অসদাচরণ’ ও ‘পলায়নের শাস্তিযোগ্য অপরাধ’ হিসেবে গণ্য হয়। এ কারণেই কর্মকর্তাদের অনুপস্থিতির দিন থেকেই সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন, মো. রওশানুল হক সৈকত, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি), তেজগাঁও বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি); মো. তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ; মো. গোলাম রুহানী–সহকারী পুলিশ কমিশনার (এসি), ডিএমপি ও মফিজুর রহমান পলাশ–সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক মিরপুর জোন), ডিএমপি।

বরখাস্ত পুলিশ কর্মকর্তা মো. গোলাম রুহানী নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছোট ভাই। জানা গেছে, তিনি ২০২৪ সালের ১১ আগস্ট থেকে কোনো পূর্বানুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *