
রাজধানীতে অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গ্রেপ্তারকৃতরা হলেন- ৬৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা এবং মুজাহিদ নগর ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ বেলায়েত হোসেন (৬০), কাফরুল থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক আল মামুন, ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম লিংকন (৫৭), কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী লুৎফর রহমান (৬২) ও তুরাগ থানার ৫৩ নং ইউনিট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম (৪৮)।
ডিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ জুন) দুপুরে রাজধানীর ফকিরাপুল এলাকা হতে মোহাম্মদ বেলায়েত হোসেনকে গ্রেপ্তার করে ডিবি-ওয়ারী বিভাগের একটি চৌকস টিম। একইদিন রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করে আব্দুল মালেক আল মামুনকে গ্রেপ্তার করে ডিবি-মিরপুর বিভাগের একটি দল।
অন্যদিকে, মঙ্গলবার রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে পাইকপাড়া এলাকা হতে শফিকুল ইসলাম লিংকনকে গ্রেপ্তার করে ডিবি-রমনা বিভাগের একটি দল। একই দিন রাতে চকবাজার এলাকা হতে হাজী লুৎফর রহমানকে গ্রেপ্তার করে ডিবি-লালবাগ বিভাগের একটি দল। এছাড়া ডিবি ওয়ারী বিভাগের অপর এক টিম মঙ্গলবার দিয়াবাড়ি এলাকা থেকে মো. শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।