ঢাবিতে ১২ দিনের ছুটি

শারদীয় দুর্গাপূজাসহ বিভিন্ন উৎসব উপলক্ষে আগামী ১২ দিনের জন্য সব পরীক্ষা স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শ্রী শ্রী দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা এবং শ্রী শ্রী লক্ষ্মী পূজা উৎসব উদযাপনের জন্য আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর ২০২৫ পর্যন্ত মোট ১২ দিনের জন্য বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ, ইনস্টিটিউট এবং অধিভুক্ত/উপাদানকল্প কলেজ/ইনস্টিটিউটের পূর্ব নির্ধারিত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এই সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নির্দেশনার ভিত্তিতে নেওয়া হয়েছে।

স্থগিত পরীক্ষাগুলোর নতুন সময়সূচি যথাসময়ে ঘোষণা করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *