
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় বেশকিছু নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। গতরাতে সোহরাওয়ার্দী উদ্যানের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য’র মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার (১৪ মে) দুপুরে ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে তিনি এসব পদক্ষেপের কথা জানান
ঢাবি ভিসি বলেন, ‘আমরা আজকে গণপূর্ত, ডিএসসিসি, ডিএমপি ও ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছি। কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। রাজুর পেছনের সোহরাওয়ার্দীতে প্রবেশের দরজা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে। রেইড শুরু হবে। রেইডগুলো নিয়মিত করবো। মন্ত্রণালয়কে যুক্ত করে নিয়মিত তদারকি করবো। আমাদের প্রতিনিধি সেখানে থাকবে। ক্যাম্পাসে পর্যাপ্ত লাইট থাকবে। গণপূর্ত এটার ব্যবস্থা করে দেবে। সিসিটিভির সর্বোচ্চ ব্যবস্থা করা হবে; এর একটা অ্যাক্সেস ডিএমপির আওতায় থাকবে। উদ্যানকে মাথায় রেখে একটা ডেডিকেটেড পুলিশ বক্স থাকবে।’
তিনি আরও জানান, রমনা পার্ককে মাথায় রেখে সোহরাওয়ার্দী উদ্যানকে আধুনিক পার্কে পরিণত করা যায় কি না, সে ব্যাপারে কাজ করতে হবে। গণপূর্তের সঙ্গে কাজ করবে ঢাবির বিশেষজ্ঞরা।