
উজানে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বুধবার (১৩ আগস্ট) সকাল ৬টায় ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তিস্তা ব্যারেজের ৪৪টি স্লুইসগেট খুলে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
ডালিয়া ডিভিশনের উপসহকারী প্রকৌশলী (পানি শাখা) তহিদুল ইসলাম জানান, উজানের বৃষ্টিপাত অব্যাহত থাকায় নদীর পানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তিস্তার পানি বৃদ্ধির কারণে নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখাড়িবাড়ী, টেপাখড়িবাড়ীসহ বেশ কয়েকটি ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। এসব এলাকার প্রায় পাঁচ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
পূর্ব ছাতনাই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, সবচেয়ে বড় চর গ্রাম ঝাড়সিংশ্বরসহ বেশ কিছু এলাকায় বন্যার পানি ঢুকে পড়েছে এবং ফসলি জমি তলিয়ে গেছে।
একইভাবে, লালমনিরহাটের হাতিবান্ধা ও কালিগঞ্জ উপজেলাতেও বন্যার প্রভাব পড়েছে। নদীবেষ্টিত চর ও চরগ্রামগুলোতে হাঁটুসমান পানি ঢুকে পড়ায় অনেকেই গবাদিপশু ও জরুরি জিনিসপত্র নিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছেন।
ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, সতর্কতা হিসেবে সব স্লুইসগেট খুলে দেওয়া হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।