
ইরানের পর ইসরায়েল তুরস্ককে নতুন প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করার চেষ্টা করতে পারে বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি মনে করেন, দীর্ঘমেয়াদে নিজস্ব কৌশলগত অবস্থান ধরে রাখতে ইসরায়েল প্রায়ই কোনো না কোনো ‘শত্রু’ নির্ধারণ করে থাকে।
সোমবার (১৩ এপ্রিল) বার্তাসংস্থা আনাদোলু নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিদান বলেন, আঞ্চলিক রাজনীতিতে ইসরায়েলের এই প্রবণতা নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক আলোচনা নিয়েও মন্তব্য করেন তিনি। পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত ওই বৈঠকে কোনো চূড়ান্ত সমঝোতা না হলেও, উভয় পক্ষই যুদ্ধবিরতি প্রতিষ্ঠার বিষয়ে আন্তরিক রয়েছে বলে উল্লেখ করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।
তবে তিনি সতর্ক করে বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে যদি ‘সব অথবা কিছুই নয়’ ধরনের কঠোর অবস্থান নেওয়া হয়, তাহলে ভবিষ্যৎ আলোচনায় বড় ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে।
ফিদানের মতে, এই ইস্যুতে নমনীয়তা ও বাস্তবসম্মত সমাধান না এলে কূটনৈতিক অগ্রগতি থমকে যেতে পারে।