
কুমিল্লা-৪ আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এবার পেশিশক্তির কোনো সন্ত্রাসী ভোটকেন্দ্র দখল করতে আসলে তাদেরকে প্রতিহত করা হবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে যে কোনো ত্যাগ স্বীকার করতে আমরা প্রস্তুত আছি। এবারের নির্বাচনে জনসাধারণ সন্ত্রাস, চাঁদাবাজ, লুটেরা এবং আধিপত্যবাদের বিরুদ্ধে ভোট দেবে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বিরাল্লা এলাকায় আগ্রাসনবিরোধী পদযাত্রায় তিনি এসব কথা বলেন।
ভোটারদের উদ্দেশ্যে হাসনাত বলেন, ‘ভোট তাদের বিরুদ্ধে দিবেন যারা দুর্নীতি করে, টেন্ডারবাজি করে, মামলাবাজি করে। এবার আমরা ইনসাফের জন্য, দুর্নীতি ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিতে ভোট দিব।’
হাসনাত আরও বলেন, এবার আপনারা কেন্দ্র পাহারা দিবেন, কেন্দ্র দখল করতে আসলে তাদেরকে প্রতিহত করবেন। আমরা এবার টাকার কাছে বিক্রি হবো না। যে টাকা নিয়ে আসবে তাদেরকে আমরা প্রত্যাখ্যান করব।
তিনি চিরাচরিত রীতি মনে করে দিয়ে বলেন, নেতা একদিন ভোটারদের পেছনে ঘুরে ১ হাজার টাকা নিয়ে, আর ভোটাররা পাঁচ বছর টাকা নিয়ে ঘুরে সেই নেতার পেছনে। তাই সময় এসেছে বদলানোর।
পদযাত্রায় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন হাসনাত আবদুল্লাহসহ জামায়াত ও এনসিপি নেতারা।