
হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেড বুধবার (২৩ এপ্রিল) গাজায় আটক ইসরায়েলি বন্দী ওমরি মিরানের একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে। ভিডিওতে মিরান তার বন্দী জীবনের দুঃসহ পরিস্থিতি তুলে ধরেছেন এবং নিজের মুক্তির জন্য ইসরায়েলি জনগণকে আরও জোরালো আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। খবর মিডলইস্ট মনিটরের।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ওমরি মিরান বন্দী অবস্থায় তার ‘দ্বিতীয় জন্মদিন’ উপলক্ষে একটি মোমবাতি জ্বালাচ্ছেন। বার্তায় তিনি বলেন, ‘এটা এখানে আমার দ্বিতীয় জন্মদিন। এটা উদযাপন করার মতো কিছু নয়, বন্দীজীবনের আরেকটি সাধারণ দিন মাত্র। আমি এই উপলক্ষে একটি কেক বানিয়েছি, কিন্তু এতে কোনো আনন্দ নেই। দেড় বছর ধরে আমি এখানে বন্দী। আমি আমার মেয়েদের এবং স্ত্রীকে প্রচণ্ড মিস করছি।’
মিরান ইসরায়েলি জনগণ, তার পরিবার ও বন্ধুদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘এখানের অবস্থা ভয়াবহ। যারা আমাদের মুক্তির দাবিতে আন্দোলন করছেন, তাদের ধন্যবাদ। আমাদের বাড়ি ফিরিয়ে আনার জন্য দয়া করে আরও জোরালো আন্দোলন করুন।’ তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের বাইরে ব্যাপক বিক্ষোভ প্রদর্শনের আহ্বান জানান, যাতে তিনি সেই প্রতিবাদ টিভিতে দেখতে পারেন।
নিজের জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা প্রতিনিয়ত বোমাবর্ষণের ভয়ে থাকি। শীঘ্রই একটি চুক্তি করতে হবে, নাহলে আমরা কফিনে করে বাড়ি ফিরব।’ মিরান পূর্বে মুক্তি পাওয়া বন্দীদের প্রতি আহ্বান জানান, তারা যেন গণমাধ্যমে কথা বলে গাজার বাস্তব পরিস্থিতি তুলে ধরেন। ‘লোকদের জানাতে হবে আমাদের অবস্থা কতটা খারাপ,’ তিনি যোগ করেন।
বর্তমান ইসরায়েলি সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করে মিরান বিক্ষোভকারীদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আবেদন করার আহ্বান জানিয়ে বলেন, ‘নেতানিয়াহুকে বিশ্বাস করবেন না। সামরিক চাপ শুধু আমাদের মেরে ফেলছে। শুধু একটি চুক্তিই আমাদের বাড়ি ফিরিয়ে দিতে পারে। ট্রাম্পের কাছে যান। তিনিই একমাত্র ব্যক্তি, যিনি নেতানিয়াহুকে চুক্তিতে রাজি করাতে পারেন।’
তিনি আরও অভিযোগ করেন, ‘নেতানিয়াহুর সমর্থকরা আমাদের নিয়ে ভাবে না, তারা আমাদের মৃত দেখতে চায়।’
গাজার মানবিক পরিস্থিতির অবনতির কথাও উল্লেখ করেন মিরান। তিনি বলেন, ‘আমাদের বলা হয়েছে, ক্রসিংগুলো বন্ধ, খাদ্য ও সরবরাহ ঢুকছে না। এর ফলে আগের থেকেও কম খাবার পাচ্ছি।’
সরাসরি নেতানিয়াহু ও তার সরকারকে ৭ অক্টোবরের হামলা এবং নিজেদের বন্দী দশার জন্য দায়ী করে মিরান বলেন, ‘নেতানিয়াহু, ডারমার, স্মোত্রিচ, বেন গাভির- ৭ অক্টোবরের জন্য তোমরাই দায়ী। তোমাদের কারণেই এখন আমরা এখানে। তোমাদের কারণেই আমরা সবাই বন্দি। তোমরা রাষ্ট্রকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছ।’