
অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে সব প্রক্রিয়া শেষ করছে সরকার। এ জন্য গঠিত টাস্কফোর্স কাজ করছে। তবে দেশের মধ্যে দুর্নীতির টাকা ফেরত আনা যত সহজ, বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনা অত সহজ নয়।
অন্তর্বর্তী সরকারের এক বছরে অর্থ মন্ত্রণালয়ের অর্জন নিয়ে মঙ্গলবার (১২ আগস্ট) সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, বাংলাদেশকে একটি সমতাভিত্তিক এবং কল্যাণমুখী রাষ্ট্র করতে চায় অন্তর্বর্তী সরকার। অর্থনৈতিক খাতের বড় সংস্কারগুলো কিছুটা করে যেতে পারবো আমরা। বাকিটা নির্বাচনকালীন সরকার এসে করবে।
তিনি বলেন, সার্বিকভাবে অর্থনৈতিক অবস্থা হতাশাজনক নয়। এমন কিছু করে যেতে চাই, যাতে পরের সরকার এসে বলতে না পারে আগের সরকারের সব ভুল ছিল।
অর্থ উপদেষ্টা আরও বলেন, রাজস্ব আহরণ নিয়ে এখনো চ্যালেঞ্জ সরকারের সামনে। এটা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। আগে অনেক প্রকল্প আছে যেগুলো রাজনৈতিকভাবে নেওয়া হয়েছে, সেগুলো বাদ দিয়েছে অন্তর্বর্তী সরকার। এখন শুধু যৌক্তিক প্রকল্পগুলোর কাজ চলছে।