পাহাড় ধসের আশঙ্কায় লামায় সব রিসোর্ট বন্ধ ঘোষণা

টানা বৃষ্টিপাতে পাহাড় ধসের আশঙ্কায় বান্দরবানের লামা উপজেলার সব পর্যটন রিসোর্ট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

উপজেলার প্রশাসন জানিয়েছে, বৈরী আবহাওয়া ও টানা বর্ষণে পাহাড়ি এলাকায় ঝুঁকি বাড়ছে। এ অবস্থায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িক এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত রিসোর্টগুলো বন্ধ থাকবে।

আজ সকালে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. মঈন উদ্দিনের সভাপতিত্বে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় সার্বিক প্রস্তুতি গ্রহণের পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা রক্ষার স্বার্থে লামার মিরিঞ্জা ভ্যালী, সুখিয়া ভ্যালীসহ বিভিন্ন এলাকায় অবস্থিত পর্যটন স্পট ও রিসোর্টগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ ছাড়া পাহাড়ি ঝিরি, ঝর্ণা ভ্রমণেও নিষেধ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *