প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় সন্তুষ্ট নয় বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা নিয়ে ‘সুনির্দিষ্ট রূপরেখার’ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির একটি প্রতিনিধি দল। কিন্তু বৈঠকে সময়সীমা নিয়ে ‘সুনির্দিষ্ট রূপরেখা’ না পাওয়ায় অসন্তুষ্ট দেশের বৃহত্তম দলটি।

এই বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রেস ব্রিফিংয়ে বলেন, নির্বাচনের সুনির্দিষ্ট কোনো সময়সীমা দেননি প্রধান উপদেষ্টা। তবে আগামী ডিসেম্বর থেকে ছাব্বিশের জুনে ভোটের কথা বলেছেন তিনি। এতে বিএনপি সন্তুষ্ট নয়।

বিএনপি মহাসচিব আশঙ্কা প্রকাশ করেন- ডিসেম্বরে নির্বাচন না হলে দেশের পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে। তিনি বলেন, পরিস্থিতি খারাপ হলে নিয়ন্ত্রণ করা কঠিন হবে। ডিসেম্বরেই নির্বাচন চায় বিএনপি।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ বৈঠক শুরু হয়। এর আগে বিএনপির প্রতিনিধি দল যমুনায় পৌঁছান। প্রতিনিধি দলের অন্যদের মধ্যে ছিলেন- স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং হাফিজ উদ্দিন আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *