প্রাইম এশিয়ার শিক্ষার্থী জাহিদুল হত্যায় গ্রেপ্তার ৩

রাজধানীর বনানীর বেসরকারি প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে (২৩) হত্যার ঘটনায় সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার (২০ এপ্রিল) দিবাগত রাতে রাজধানীর ভিন্ন ভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করে বনানী থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) ও আল আমিন সানি (১৯)। জানা গেছে, তারা কেউ মামলার এজাহারনামীয় আসামি নন। তবে পুলিশ বলছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সময় সেখানে তাদের উপস্থিতি দেখা গেছে।

বনানী থানা পুলিশ সূত্রে জানা গেছে, এই তিনজন সন্দেহভাজন আসামি। এর মধ্যে আল কামাল শেখ ওরফে কামাল থাকেন বিটিসিএল কলোনীতে। তার বাড়ি খুলনা তেরখাদার বিলদুড়িয়ার শেখপাড়ায়। আলভী হোসেন জুনায়েদ থাকেন বনানী মসজিদ গলিতে। তার বাড়ি ময়মনসিংহের নান্দাইল দক্ষিণ জাহাঙ্গীরপুরে (বালুর পুকুরপাড়া)। আর আল আমিন সানি থাকেন মহাখালীর ওয়ারলেস গেট এলাকায়। তার গ্রামের বাড়ি জামালপুরের সরিষাবাড়ী।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার বলেন, ঘটনার সাক্ষী ও সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণে ঘটনাস্থলে এই তিন সন্দেহভাজন আসামিকে উপস্থিত দেখা গেছে এবং তারা হত্যাকাণ্ডে জড়িত ছিল বলে সাক্ষ্যপ্রমাণ পাওয়া যায়। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মহাখালীর ওয়ারলেস গেট এলাকাসহ আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করে রোববার (২০ এপ্রিল) দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

ওসি বলেন, উল্লিখিত আসামিরা মামলার এজাহারনামীয় ও ঘটনার সঙ্গে জড়িত অন্য অজ্ঞাত পরিচয়ের পলাতক আসামিদের চেনে এবং তাদের অবস্থান সম্পর্কে জানে। তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ (২৪) নিজ বিশ্ববিদ্যালয়ে হামলার শিকার হন। পরে ছুরিকাঘাতে মৃত্যু হয় তার। এ ঘটনায় শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাতে নিহতের মামাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা করেছেন। এতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগতসহ আটজনের নাম উল্লেখ করা হয়েছে।

মামলার আসামিরা হলেন মেহেরাজ ইসলাম (২০), আবু জহর গিফফারি পিয়াস (২০), মো. মাহাথির হাসান (২০), সোবহান নিয়াজ তুষার (২৪), হৃদয় মিয়াজি (২৩), রিফাত (২১), আলী (২১) ও ফাহিম (২২)। এছাড়া অজ্ঞাত পরিচয়ের আরও ২৫/৩০ জনকে আসামি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *