ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন তিনজন। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ফরিদপুর সদরের করিমপুর এলাকার আবুল হোসেন ফিলিং স্টেশনের সামনে দুর্ঘটনাটি ঘটে।

করিমপুর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস এবং ফরিদপুর থেকে মাগুরাগামী রিক এন্টারপ্রাইজের একটি লোকাল বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং উভয় বাসের অন্তত ৮ থেকে ১০ জন যাত্রী গুরুতর আহত হন।

আহত ও নিহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত হতাহতদের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনায় নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে। দুর্ঘটনা কবলিত বাস দুইটি সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া, ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *