ফিলিস্তিন-ইসরায়েল দ্বি-রাষ্ট্র সমাধানে নরওয়েতে বৈঠক

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের অবসানের লক্ষ্যে দ্বি-রাষ্ট্র সমাধানের বিষয়ে আলোচনার জন্য গ্লোবাল অ্যালায়েন্স নামের একটি আন্তর্জাতিক জোটের বৈঠকের আয়োজন করছে নরওয়ে। সম্প্রতি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা করেছে।

নরওয়েজিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার (১৫ জানুয়ারি) রাজধানী অসলোতে মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দ্বি-রাষ্ট্র সমাধানকে সমর্থন করার লক্ষ্যে গ্লোবাল অ্যালায়েন্সের তৃতীয় বৈঠকের আয়োজন করা হবে। এই উপলক্ষে বিশ্বব্যাপী এই জোটের অংশ হিসেবে কয়েক ডজন দেশ নরওয়েতে তাদের প্রতিনিধি পাঠাবে।

এই বৈঠকে উপস্থিত থাকবেন ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফা, জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএর প্রধান ফিলিপ লাজারিনি এবং মধ্যপ্রাচ্যে জাতিসংঘের দূত টর ওয়েনেসল্যান্ড।

এটি হবে দ্বি-রাষ্ট্র সমাধানের বাস্তবায়নের জন্য গ্লোবাল অ্যালায়েন্সের তৃতীয় বৈঠক। গত বছরের সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের সাইডলাইনে এই জোট গঠনের ঘোষণা দেওয়া হয়েছিল।

গ্লোবাল অ্যালায়েন্সের প্রথম বৈঠকটি গত অক্টোবর মাসের শেষের দিকে সৌদি আরবে এবং দ্বিতীয়টি নভেম্বরের শেষের দিকে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত হয়। 

নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইডে এক বিবৃতিতে বলেন, ‘আমাদের অবশ্যই গাজায় যুদ্ধের অবসানের জন্য কাজ চালিয়ে যেতে হবে। আমাদের অবশ্যই এই সংঘাতের স্থায়ী সমাধানের জন্য কাজ করতে হবে, যা ফিলিস্তিনি ও ইসরায়েলি উভয়ের জন্যই আত্মনিয়ন্ত্রণ, নিরাপত্তা এবং ন্যায়বিচারের নিশ্চয়তা দেয়।’ 

তিনি আরও বলেন, ‘একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধানের জন্য ব্যাপক সমর্থন রয়েছে। তবে এটি বাস্তবে পরিণত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও বেশি কিছু করতে হবে।’ 

আন্তর্জাতিক এই বৈঠকে ১৮০টিরও বেশি দেশ ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। তবে ইসরায়েল কোনো প্রতিনিধি পাঠাচ্ছে না।

এদিকে গত বছর নরওয়ে, আয়ারল্যান্ড এবং স্পেন ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। দেশগুলোর এই পদক্ষেপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল ইসরায়েল।

সূত্র: দ্য নিউ আরব 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *