বঙ্গোপসাগরে ভাসমান ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

বাংলাদেশ নৌবাহিনী বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসমান অবস্থায় থাকা একটি মাছ ধরার ট্রলার এবং তাতে থাকা ১২ জন জেলেকে উদ্ধার করেছে। গত শনিবার (৩০ আগস্ট) নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা বিশখালী’ নিয়মিত টহল কার্যক্রমে থাকা অবস্থায় মোংলা ফেয়ারওয়ে বয়া থেকে প্রায় ১৭ নটিক্যাল মাইল দূরে এই ট্রলারটিকে শনাক্ত করে।

উদ্ধারকৃত ট্রলারটির নাম ‘এফবি মায়ের দোয়া’। নৌবাহিনীর রাডারে ট্রলারটিকে বিপদগ্রস্ত অবস্থায় সনাক্ত করার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেখা যায়, ইঞ্জিন বিকল হওয়ায় জেলেরা টানা দুই দিন ধরে গভীর সমুদ্রে ভাসমান অবস্থায় রয়েছেন। খাদ্য ও বিশুদ্ধ পানির অভাবে তারা চরম দুর্ভোগে ছিলেন। নৌবাহিনীর সদস্যরা তাৎক্ষণিকভাবে জেলেদের উদ্ধার করে তাদের প্রয়োজনীয় খাবার, পানি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। বর্তমানে ১২ জন জেলেই সুস্থ আছেন।

জানা গেছে, ট্রলারটি গত ১৫ আগস্ট মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গিয়েছিল। প্রচণ্ড ঢেউ এবং প্রতিকূল আবহাওয়ার মধ্যেও নৌবাহিনীর যুদ্ধজাহাজটি ট্রলারসহ জেলেদের নিরাপদে ফিরিয়ে আনে এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে।

বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্রসীমার নিরাপত্তা, চোরাচালান প্রতিরোধ, এবং জেলেদের জীবন রক্ষায় সর্বদা নিয়োজিত। নিয়মিত টহল কার্যক্রমের মাধ্যমে তারা দেশের সমুদ্র সম্পদ ও অর্থনীতি সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *