বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে ৬ চুক্তি ও সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্বারক সই হয়েছে। রোববার (২৪ আগস্ট) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বৈঠকের পর এসব চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বলে জানা গেছে।

চুক্তি সই

দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ চুক্তি সই হয়েছে।

এমওইউ সই

সই হওয়া এমওইউগুলো হলো: দুই দেশের বাণিজ্যবিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন। দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা। দুই দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থার (বাসস ও এপিপিসি) মধ্যে সহযোগিতা। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) সঙ্গে পাকিস্তানের ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ ইসলামাবাদের (আইএসএসআই) সহযোগিতা।

কর্মসূচি সই
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সংস্কৃতিবিনিময় কর্মসূচি (সিইপি) সই।

বৈঠক এবং সমঝোতা স্মারক সই শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইসহাক দার। তিনি বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য, অর্থনীতি, বিনিয়োগ, নিরাপত্তা ও প্রতিরক্ষাসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। মোট ৬টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এর মধ্যে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা ছাড়া ভ্রমণ এবং দুই দেশের মধ্যে ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে।

এ সময় বাংলাদেশ সরকারের আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ইসহাক দার। তিনি আন্তর্জাতিক ফোরামগুলোতেও একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন।

১৯৭১ সংক্রান্ত প্রশ্নের উত্তরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই বিষয়টি ১৯৭৪ সালেই চুক্তির মাধ্যমে নিষ্পত্তি হয়েছে এবং পরে জেনারেল পারভেজ মোশাররফও বাংলাদেশ সফরে ক্ষমা চেয়েছিলেন।

তিনি বলেন, ইসলাম আমাদের শেখায়—ভাইয়ের সঙ্গে মন পরিষ্কার করতে হয়।

তাই বারবার একই ইস্যু সামনে আনার পরিবর্তে সামনে এগোনো উচিত।

উল্লেখ্য, শনিবার দুই দিনের সফরে ঢাকা এসেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *