
বাংলাদেশের শরিয়াহভিত্তিক ব্যাংকগুলো নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকে স্বতন্ত্র ইসলামিক ডিপার্টমেন্ট ও শরিয়াহ বোর্ড গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছে। বাংলাদেশ ব্যাংককে চার সপ্তাহের মধ্যে এ বিষয়ে জবাব দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথীকা হোসাইনের বেঞ্চ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসানের জনস্বার্থে করা রিটের শুনানি শেষে এই রুল জারি করেন।
আইনজীবী মাহমুদুল হাসান বলেন, বাংলাদেশে সুদভিত্তিক ও শরিয়াহভিত্তিক—দুই ধরনের ব্যাংকিং ব্যবস্থা চালু রয়েছে। ইসলাম ধর্মাবলম্বী অনেক মানুষ ধর্মীয় বিশ্বাসের কারণে শরিয়াহভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা অনুসরণ করেন। তবে বাংলাদেশ ব্যাংকে কোনো স্বতন্ত্র ইসলামিক ডিপার্টমেন্ট না থাকায় এসব ব্যাংকের কার্যক্রম যথাযথভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না।
রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এফ এম সাইফুল করিম শুনানিতে অংশ নেন এবং আদালতের রুল জারির বিষয়টি নিশ্চিত করেন।