বাংলাদেশ সীমান্তে ‘অপস অ্যালার্ট’ জারি করল বিএসএফ

বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত নিয়ে টানাপোড়েন চলছে। এরই মধ্যে বাংলাদেশ-ভারত সীমান্তে ১০ দিনের ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভারতীয় গণমাধ্যম এএনআই এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।

এএনআই বলছে, মহড়াটি ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে। এটি শুরু হয়েছে বুধবার (২২ জানুয়ারি)। ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে সীমান্ত নিরাপত্তা জোরদার করার লক্ষ্যেই এই মহড়া শুরু হয়েছে বলে দাবি ভারত সরকারের।

বিএসএফের তরফ থেকে দেওয়া এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশের বর্তমান পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে ভারতের আসন্ন ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

২০২৫ সালের ২৬ জানুয়ারি ভারত ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করবে। ১৯৫০ সালের এই দিনে ভারত সংবিধান কার্যকর করে একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়। প্রতি বছর এই দিনটি জাতীয় পর্যায়ে ব্যাপক আয়োজনে উদযাপিত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ-ভারত ৪ হাজার ৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্তজুড়ে বিএসএফের সব ফিল্ড ফর্মেশন ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু করেছে। সীমান্ত নিরাপত্তা আরও জোরদার এবং সীমান্ত চৌকিগুলো আরও শক্তিশালী করতেই এই মহড়া। মহড়ার সময় সীমান্তে টহল ও অন্যান্য নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *