বাকৃবি শিক্ষার্থীদের রেললাইন অবরোধ: তিন দফা দাবিতে বিক্ষোভ

তিন দফা দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের শিক্ষার্থীরা ময়মনসিংহ রেললাইনে অবরোধ করেছেন। আজ রোববার বেলা সাড়ে ১১টা থেকে শিক্ষার্থীরা ময়মনসিংহ থেকে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন আটকে দিয়ে বিক্ষোভ শুরু করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুপুর আড়াইটা পর্যন্ত তাদের অবরোধ কর্মসূচি চলছিল।

সকাল সাড়ে ১০টার দিকে কৃষিবিদ ঐক্য পরিষদের ব্যানারে কৃষি অনুষদ ছাত্র সমিতির সামনে থেকে একটি মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের আবদুল জব্বার মোড় সংলগ্ন রেললাইনে পৌঁছায় এবং হাওর এক্সপ্রেস আটকে দিয়ে সেখানে অবস্থান নেয়। তাদের প্রধান দাবিগুলো হলো:

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এবং অন্যান্য গবেষণাপ্রতিষ্ঠানে দশম গ্রেডের (উপসহকারী কৃষি কর্মকর্তা/উপসহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা) পদগুলো কৃষিবিদদের জন্য উন্মুক্ত করা।
নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ব্যতীত নবম গ্রেডে পদোন্নতির সুযোগ না রাখা।
কৃষি বা কৃষিসংক্রান্ত বিষয়ে স্নাতক সম্পন্ন না করে কেউ যেন ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার করতে না পারে, এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করা।
আন্দোলনকারীদের অভিযোগ, কৃষি খাতে ডিপ্লোমাধারীদের কিছু দাবি বাস্তবায়িত হলে পেশাদার কৃষিবিদরা বঞ্চিত হবেন। তারা এসব দাবিকে “অযৌক্তিক ও অনৈতিক” বলে আখ্যায়িত করেছেন। আন্দোলনকারীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *