
বান্দরবানের রুমা উপজেলার কেপলংপাড়া এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি অপারেশন দল কেএনএফের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে। সোমবার (২৭ জানুয়ারি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অপারেশন দলটি কেপলংপাড়া এলাকায় কেএনএফ সন্ত্রাসীদের একটি গোপন আস্তানা ঘেরাও করে অভিযান পরিচালনা করে। ঘটনাস্থল থেকে পালিয়ে যাবার সময় অপারেশন দলটি ভান মুন লম বম (৪২) এবং ফিলিপ খিয়াং (৩৬) নামক দুজন কেএনএফ সন্ত্রাসীকে আটক করেছে।
জানা যায়, আটককৃত কেএনএফ সন্ত্রাসীরা পার্বত্য চট্টগ্রামে সাধারণ জনগণের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও সশস্ত্র কার্যকলাপে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।
উল্লেখ্য, বান্দরবানের রুমা উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতে কেএনএফ সন্ত্রাসীদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে অভিযান পরিচালনা করছে।