
খুলনার রূপসা উপজেলায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী দুই নেতার অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন কর্মী-সমর্থক আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার কাজদিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন- শান্ত শেখ (৩৭), শাহাজাদা (৪১), মেহেদী হাসান (৩৮), জাহিদুল ইসলাম (৩৫) ও ইমরান শেখ (৩০)। তাদের রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সিআইডির অ্যাডিশনাল এসপি মশিউর গ্রেপ্তার
দলীয় সূত্রে জানা গেছে, খুলনা-৪ (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী (হেলাল) এবং যুক্তরাজ্য বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি পারভেজ মল্লিক আলাদা আলাদা প্রচার-প্রচারণা চালিয়ে আসছেন। গত সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মনোনয়নপ্রত্যাশীদের বৈঠকেও তারা উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ রূপসার কাজদিয়া বাজার এলাকায় বিএনপি নেতা পারভেজ মল্লিকের গণসংযোগ করার কথা ছিল। এ জন্য তার অনুসারী শান্ত শেখের নেতৃত্বে কর্মী-সমর্থকেরা কাজদিয়া বাজারে অবস্থান নেন। এ সময় বিএনপির অপর মনোনয়নপ্রত্যাশী আজিজুল বারীর পক্ষের কিছু কর্মী-সমর্থক সেখানে গেলে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে উভয় পক্ষ সটকে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের পাঁচজন আহত হন।
এ বিষয়ে যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও ছাত্রদলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি পারভেজ মল্লিক অভিযোগ করে বলেন, ‘পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে বেলা সাড়ে ১১টার দিকে আমি দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে রূপসার কাজদিয়া বাজারে ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ শুরু করি। এ সময় আমাদের ওপর হামলা করা হয়। এত আমাদের কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন।’
এদিকে খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু বলেন, ‘ঘটনার খবর পেয়ে দুই পক্ষকেই শান্ত করা হয়েছে। তবে ঘটনার কারণ জানতে জেলা বিএনপির সদস্য শেখ আনিসুর রহমান এবং সদস্য সুলতান মাহমুদকে রেখে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্তে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পারভেজ মল্লিকের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি প্রোগ্রাম শেষ করে তেরখাদায় ফিরে গেছেন।’
রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, ‘সকালে এই অতর্কিত হামলার খবর জানতে পেরেই আমরা টহল মোতায়েন করে সবাই ওই জায়গা থেকে সরিয়ে দিই। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’