বিএসএফের গুলিতে নিহত কৃষকের মরদেহ ৭ দিন পর হস্তান্তর

চুয়াডাঙ্গার সুলতানপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে নিহত বাংলাদেশি যুবক ইব্রাহিম বাবুর (৩২) মরদেহ এক সপ্তাহ পর হস্তান্তর করেছে ভারত।

মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) সীমান্তের শূন্যরেখায় পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের হালদারপাড়া বিএসএফ ক্যাম্পের পক্ষ থেকে মরদেহ হস্তান্তর করা হয়।

বাংলাদেশের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন ৬ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. মাসুদ হায়দার। তার সঙ্গে ছিলেন দর্শনা বিওপির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার মো. এনায়েত হোসেনসহ বিজিবির ৯ সদস্য। অন্যদিকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন ৩২ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক শ্রী সুজিত কুমার এবং হালদারপাড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি তপস্য কুমার। তাদের সঙ্গে ছিলেন বিএসএফের আরও ৯ সদস্য।

ভারতের আইনগত প্রক্রিয়া শেষে কৃষ্ণগঞ্জ থানার ওসি সৌগত রায়ের নেতৃত্বে চার সদস্যের পুলিশ দল এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. মহিবুল্লাহ মরদেহ শনাক্তের প্রক্রিয়া সম্পন্ন করেন। পরে মরদেহ দর্শনা থানার ওসি মো. শহীদ তিতুমীরের কাছে হস্তান্তর করা হয়।
নিহতের ভগ্নিপতি মো. এনামুল ইসলাম মরদেহ সনাক্ত করে গ্রহণ করেন।

জানা গেছে, নিহত ইব্রাহিম বাবু চুয়াডাঙ্গার দর্শনা থানার ঝাঝাডাঙ্গা মাদরাসাপাড়ার নুরুল ইসলামের ছেলে। গত ২ জুলাই বুধবার দুপুরে কয়েকজনের সঙ্গে ঘাস কাটতে কাটতে অনিচ্ছাকৃতভাবে ভারতের অভ্যন্তরে প্রায় ২০০ গজ ভিতরে প্রবেশ করেন। এ সময় হালদারপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা গুলি চালালে বাবু গুলিবিদ্ধ হন। বাকি সঙ্গীরা পালিয়ে এলেও বাবুকে ধরে টেনে নিয়ে যায় বিএসএফ সদস্যরা। পরিবারের অভিযোগ, সেখানেই বাবুর মৃত্যু হয়।

নিহতের বাবা জানান, বাবু ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার তিন বছরের একটি কন্যাসন্তান রয়েছে।

ঘটনার পর পরই বিজিবির ৬ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান বিএসএফের সঙ্গে যোগাযোগ করেন। তবে বিএসএফ দাবি করে, তারা স্বর্ণপাচারকারীদের ধাওয়া করতে গিয়ে এ ঘটনার শিকার হন বাবু।

বিজিবির পক্ষ থেকে ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়। এরপর প্রক্রিয়াগত কাজ শেষে মঙ্গলবার মরদেহ হস্তান্তর করে ভারত।

নিহতের মরদেহ রাতেই নিজ গ্রামে দাফন করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *