
ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তে ভারতের রোনঘাট বিএসএফের দখল করে রাখা প্রায় ৫ কিলোমিটার কোদলা নদীর অংশবিশেষ মুক্ত করেছে বিজিবি। সোমবার (৬ জানুয়ারি) দুপুরে মাটিলা সীমান্তের কোদলা নদীর পাড়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেন ৫৮-বিজিবি অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আজিজুস শহীদ। এ সময় উপস্থিত ছিলেন ৫৮-বিজিবির নবাগত অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল রফিক, মাটিলা ক্যাম্প কমান্ডার মোক্তার হোসেন।
সংবাদ সম্মেলনে লেফট্যানেন্ট কর্নেল আজিজুস শহীদ বলেন, মাটিলা সীমান্তের কোল ঘেঁষে কোদলা নদী বহমান। নদীর ৪.৮ কিলোমিটার বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে অবস্থিত। এতদিন বাংলাদেশের নাগরিকদের নদীতে কোন রকম কাজ কর্ম দেওয়া হতো না। যেমন মাছ ধরা বা প্রয়োজনীয় কাজ করতে বাঁধা দেওয়া হতো।
সম্প্রতি বিষয়টি উভয়পক্ষের আলোচনার মাধ্যমে বিজিবি বাংলাদেশের দখলদারিত্ব প্রতিষ্ঠা করেছে।
তিনি আরও বলেন, এখন থেকে বাংলাদেশের অধিবাসীরা নদীর সবকিছু ভোগদখল করতে পারবেন। পরে বিজিবি পক্ষ থেকে সাংবাদিকদের নদীর পাড়ে নিয়ে যাওয়া হয়। সেখানে দেখা যায়, মাটিলা গ্রামের অনেকেই নদীতে মাছ ধরছেন এবং কেউ কেউ গোসলও করছেন।
স্থানীয় কৃষক আলমগীর হোসেন বলেন, তারা এখন নিয়মিত নদীর ধারে কাজ করতে পারছেন ও মাছ ধরতে কোনো সমস্যা হচ্ছে না। আগে বিএসএফ নদীতে নামতে বাঁধা দিতো। এখন বিএসএফের পক্ষ থেকে আমাদের কোনো কাজে বাঁধা দেওয়া হচ্ছে না।
মাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পলাশ রহমান বলেন, আগে তাদের এলাকার মানুষ নদীতে নেমে মাছ ধরতে গেলেই বিএসএফ বিভিন্ন রকম ভয়ভীতি দেখাতো। বিজিবি দখল নেয়ার পর থেকে তারা স্বাভাবিক ভাবে নদীতে নামতে পারছেন।