
গাইবান্ধার ফুলছড়িতে সুপ্রিম কোর্টের বিচারপতি খুরশীদ আলম সরকারের কাছে ৫০ লাখ টাকা চাঁদা চাওয়ার অভিযোগে আকতারুজ্জামান আক্তার হোসেন নামে এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার (১ জানুয়ারি) বিকেলে ফুলছড়ি থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে। আকতারুজ্জামান উপজেলার পারুলের চর গ্রামের মৃত মোগরব আলীর ছেলে। তিনি ফুলছড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. হাফিজুর রহমান জানান, দুপুরে বিচারপতি খুরশীদ আলম তার বাসভবনের সামনে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় আকতারুজ্জামান বিচারপতির কাছে সরাসরি ৫০ লাখ টাকা দাবি করেন। পরে বিচারপতি স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
ওসি আরও জানান, এর আগে গত ৬ আগস্ট ২০২৪-এ আকতারুজ্জামান হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিচারপতির কাছে একই পরিমাণ টাকা চাঁদা দাবি করেছিলেন।
এ ঘটনায় ফুলছড়ি থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তবে বিষয়টি নিয়ে বিচারপতির মন্তব্য জানতে তাকে একাধিকবার ফোন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।