বিপুল পরিমাণ আতশবাজি, পটকা ও বিস্ফোরক দ্রব্যসহ গ্রেপ্তার ১

রাজধানীর চকবাজার এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ আতশবাজি, পটকা ও বিস্ফোরক উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা- লালবাগ বিভাগ।

গ্রেপ্তার সাজ্জাদ হোসেন রাহাত (৪২) এর হেফাজত থেকে ১০টি কার্টুন ও ১০০টি প্যাকেটের মধ্যে  রক্ষিত অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ আতশবাজি, পটকা ও বিস্ফোরক উদ্ধার করা করা হয়।

সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর চকবাজার থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে ডিবি-লালবাগ বিভাগের একটি টিম।

ডিবি জানায়, চকবাজার থানার বড় কাটারা গলির সোলায়মান টাওয়ার সংলগ্ন আরিফ ট্রেডার্স এর মধ্যে কয়েকজন ব্যক্তি অবৈধ আতশবাজি, পটকা ও বিস্ফোরক কেনা-বেচার জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে ডিবির টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় রাহাতকে গ্রেপ্তার করা হয়। এসময় তার সাথে থাকা আরও ২/৩ জন দৌঁড়ে পালিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেপ্তারকৃতরা আতশবাজি, পটকা ও বিস্ফোরক কেনা-বেচা, মজুদ ও পরিবহন চক্রের সদস্য। তারা তাদের সহযোগীদের মাধ্যমে সীমান্তবর্তী এলাকা হতে আতশবাজি, পটকা ও বিস্ফোরক সংগ্রহ করে কেনা-বেচার উদ্দেশে ঢাকায় নিয়ে এসে উক্ত স্থানে সমবেত হয়েছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। অবৈধ আতশবাজি, পটকা ও বিস্ফোরক কেনা-বেচা, মজুদ ও পরিবহনের সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *