
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার ঘটনায় নিরাপত্তা ব্যর্থতার দায়ভার নিয়ে আগামী ৬ মার্চ পদত্যাগ করবেন ইসরায়েলি সেনাপ্রধান হার্জি হালেভি। মঙ্গলবার প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের কাছে লেখা এক চিঠিতে তিনি এই ঘোষণা দেন।
অক্টোবর ৭-এর ঘটনায় নিরাপত্তা ব্যর্থতার তদন্ত শেষ করে এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) ভবিষ্যৎ নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সুসংগঠিত করার পরই তিনি পদত্যাগ করবেন বলে জানিয়েছেন।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীকে পাঠানো পদত্যাগপত্রে হালেভি লিখেছেন, ‘২০২৩ সালের ৭ অক্টোবর সকালে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) আমাদের নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা আমাকে আজীবন তাড়া করে বেড়াবে।’
গাজায় গত ১৫ মাসের ইসরায়েলি আগ্রাসন চলাকালে বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের কট্টরপন্থী মন্ত্রীরা হালেভির ব্যাপক সমালোচনা করেছেন। তাদের মতে, গাজায় সামরিক অভিযানের ক্ষেত্রে নমনীয় ভূমিকা পালন করেছেন সেনাপ্রধান। যদিও হালেভির বাহিনী এসময়ে গাজায় গণহত্যা চালিয়েছে বলে অভিযোগ করেছে জাতিসংঘসহ বিশ্বের সব শীর্ষ মানবাধিকার সংস্থা।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগপর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনীর হাতে গাজায় প্রাণ হারিয়েছেন প্রায় ৪৭ হাজার মানুষ, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন এক লাখেরও বেশি ফিলিস্তিনি।