
মাগুরা সদর উপজেলার আলাইপুর গ্রামে চুরির অভিযোগে সজল মোল্লা (১৭) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে। রোববার (১০ আগস্ট) রাতে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সজলের মৃত্যু হয়।
নিহত সজল মোল্লা আলাইপুর পূর্ব পাড়ার শরিয়ত মোল্লার ছেলে। সজলের চাচাতো ভাই মোহাম্মদ আলী জানান, রোববার সকালে খবির মুন্সি, তার ছেলে ও ভাতিজারা চুরির অভিযোগে সজলকে ধরার চেষ্টা করেন। বিকেল ৫টার দিকে আলাইপুর কালিতলা এলাকা থেকে তাকে ধরে নিয়ে মারধর করা হয়। পরে রাত ১০টার দিকে সজলের অবস্থার অবনতি হলে খবির মুন্সিরা তাকে হাসপাতালে নেন। কিছুক্ষণ পর সেখানে তার মৃত্যু হয়।
হাসপাতালে পুলিশ হেফাজতে থাকা খবির মুন্সি দাবি করেন, সজল তার বাড়ি থেকে সাত হাজার টাকা চুরি করেছিল।
মাগুরা সদর থানার ওসি মো. আইয়ুব আলী বলেন, চুরির অভিযোগে কিশোরকে পিটিয়ে হত্যার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো মামলা হয়নি। মরদেহের ময়নাতদন্ত চলছে।