মালয়েশিয়ায় ১৪২ জন বাংলাদেশিসহ আটক ১৪৩৫ অভিবাসী

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে যৌথ আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযানে ১৪৩৫ জন অভিবাসী আটক হয়েছেন। এর মধ্যে ১৪২ জন বাংলাদেশি রয়েছেন। অভিযানে আটক অধিকাংশই রোহিঙ্গা শরণার্থী কার্ডধারী, যারা জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)-র রেজিস্ট্রেশনভুক্ত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বৃহস্পতিবার (২৯ মে) রাত ১০টা ৪৫ মিনিটে শুরু হয়ে শুক্রবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত চালানো হয় এই অভিযান। কুয়ালালামপুরের সবচেয়ে বড় পাইকারি বাজার ও ব্যবসা কেন্দ্র ঘিরে চলে এই অপারেশন। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও ভাড়াবাসাগুলো ঘিরে সমস্ত প্রবেশ ও প্রস্থানপথ বন্ধ করে দেওয়া হয়।

অভিযানে অংশ নেয় মোট ৫৬০ জন নিরাপত্তা সদস্য। বুকিত আমান অভ্যন্তরীণ নিরাপত্তা ও জনশৃঙ্খলা বিভাগের উপ-পরিচালক দাতুক মোহাম্মদ সুজরিন মোহাম্মদ রোধি জানান, এ ধরনের অভিযান মূলত মিয়ানমার থেকে অবৈধভাবে আসা শরণার্থীদের সনাক্ত ও প্রতিরোধে পরিচালিত হচ্ছে।

এই অভিযানে ১২২২ জন রোহিঙ্গা, ১৪২ জন বাংলাদেশি, ৯ জন ভারতীয়, ৪ জন ইন্দোনেশিয়ান ও ১ জন নেপালি নাগরিককে আটক করা হয়েছে। এদের অধিকাংশের বিরুদ্ধে রয়েছে জাল শরণার্থী কার্ড ব্যবহার, অবৈধ ব্যবসা পরিচালনা এবং বসবাসের অনিয়মের অভিযোগ।

যেসব বিদেশি বৈধ ভিসা ও শরণার্থী কার্ড দেখাতে পেরেছেন, তাদের যাচাই-বাছাই শেষে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের পুত্রজায়ার ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে মালয়েশিয়ার ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩-এর বিভিন্ন ধারা অনুযায়ী তদন্ত ও অভিযোগ গঠনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সুজরিন। দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *