মেরিন ড্রাইভে ৪ কোটি টাকার মদ ও বিয়ার জব্দ

চট্টগ্রামের মেরিন ড্রাইভ এলাকায় কোস্ট গার্ডের অভিযানে আনুমানিক ৪ কোটি ১৫ লাখ টাকার বিদেশি মদ ও বিয়ার জব্দ করা হয়েছে। পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার ভোর ৫টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম একটি বিশেষ অভিযান পরিচালনা করে হালিশহর থানাধীন ডগির খাল এলাকায়। অভিযান চলাকালে, সন্দেহজনক কয়েকজন ব্যক্তিকে একটি ডেনিশ বোট থেকে বস্তা নামাতে দেখে থামার সংকেত দেয় কোস্ট গার্ডের আভিযানিক দল। কিন্তু সংকেত উপেক্ষা করে পাচারকারীরা বোট ও বস্তাগুলো ফেলে পাশের প্যারাবন দিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে কোস্ট গার্ড সদস্যরা বোট ও পার্শ্ববর্তী জঙ্গল এলাকা থেকে ১ হাজার ৫৬ ক্যান হ্যানিকেন বিয়ার, ১ হাজার ১৬১ বোতল বিদেশি মদ এবং ৪ বোতল টুইন ভ্যালি অলিভ ওয়েল জব্দ করেন।

এই উদ্ধারকৃত মদের বাজারমূল্য প্রায় ৪ কোটি ১৫ লাখ ১৩ হাজার টাকা বলে জানানো হয়েছে। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, জানিয়েছেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ।

তিনি আরও বলেন, সমুদ্র উপকূলবর্তী এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য পাচার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড। এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *