
আসন্ন পবিত্র মাহে রমজান মাস জুড়ে সারা দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার দাবি জানিয়েছেন অভিভাবকরা। সোমবার (০৫ জানুয়ারি) রাজধানীর মালিবাগ মোড়ে ‘ধর্মপ্রাণ সচেতন অভিভাবক মহল’ আয়োজিত এক সমাবেশে এ দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, পবিত্র রমজান মাস তাকওয়া অর্জনের মাস। এই মাসে রোজা পালন, তারাবির নামাজ আদায়সহ বিভিন্ন ইবাদত-বন্দেগির মাধ্যমে নৈতিকতা ও আত্মশুদ্ধির চর্চা বৃদ্ধি পায়। কিন্তু বিদ্যালয় খোলা থাকায় শিক্ষার্থীরা সঠিকভাবে রোজা পালন ও ইবাদত করতে পারছে না।
তারা স্মরণ করিয়ে দেন, পূর্ববর্তী সরকারের আমলে রমজান মাসে ছুটি না দেওয়ায় দেশব্যাপী ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল এবং বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। পরবর্তীতে ২০২৫ সালে রমজান মাসে বিদ্যালয় বন্ধ রাখা হলেও ২০২৬ সালে আবারও রোজার মধ্যে ক্লাস চালু করায় অভিভাবকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
অভিভাবকরা বলেন, রমজান মাসে কলেজ বন্ধ থাকলেও শিশুদের স্কুল খোলা রাখা হচ্ছে, যা সম্পূর্ণ অযৌক্তিক। বরং শিশুদের জন্যই রমজানে ছুটি বেশি প্রয়োজন। রমজানের প্রস্তুতির কথা বিবেচনা করে অন্তত রমজান শুরুর সাত দিন আগেই স্কুল বন্ধ ঘোষণা করা উচিত।
উক্ত সমাবেশ শেষে অভিভাবকরা অবিলম্বে পবিত্র রমজান মাসে দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাস বন্ধ করে ছুটি ঘোষণার দাবি জানান। অন্যথায় দেশব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তারা।