রাঙামাটিতে ইউপিডিএফের গোপন আস্তানার সন্ধান

রাঙামাটির কাউখালি উপজেলায় পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) একটি গোপন আস্তানার সন্ধান পেয়েছে সেনাবাহিনী। পরে সেখানে অভিযান চালিয়ে গোলাবারুদসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

আজ শুক্রবার (৭ মার্চ) ভোরে এই অভিযান চালানো হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার ভোরে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাঙামাটি জেলার কাউখালি এলাকায় ইউপিডিএফের (মূল) বিরুদ্ধে একটি বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী।

অভিযানের সময় সেনাবাহিনী ইউপিডিএফ (মূল) সদস্যদের একটি গোপন আস্তানার সন্ধান পায়। সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে আস্তানা থেকে তাদের ব্যবহৃত ১৭ রাউন্ড পিস্তলের গুলি, একটি বাইনোকুলার, একটি ওয়াকি-টকি সেট, একটি হার্ডডিস্ক, ইউনিফর্ম ও চাঁদা আদায়ের রশিদসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। 

সেনাবাহিনী অভিযান শেষ করে ফেরার পথে ইউপিডিএফ একদল নারী ও শিশু দিয়ে পথরোধ করার চেষ্টা করে। পরে সেনাবাহিনী ও পুলিশের ব্যাপক উপস্থিতি টের পেয়ে তারা পথ ছেড়ে চলে যায়।

প্রসঙ্গত, কিছুদিন আগেই পার্শ্ববর্তী দেশ থেকে পাহাড়ি সশস্ত্র সংগঠনগুলোর জন্য পাঠানো অস্ত্র ও গোলাবারুদের চালান সেই দেশের আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক আটক হয়, যা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য অঞ্চলের শান্তি বজায় রাখা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *