রাজধানীর মিরপুর-ধানমন্ডিতে জ্বলন্ত ফানুস পড়ে আগুন

নতুন বছরের উদযাপনের রাতে রাজধানীর মিরপুর ১১ নম্বর এবং ধানমন্ডি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, উভয় স্থানে জ্বলন্ত ফানুস থেকে আগুনের সূত্রপাত হয়।  

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাফি আল ফারুক মঙ্গলবার (১ জানুয়ারি) রাত আড়াইটার দিকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, রাত ১২টা ৩৭ মিনিটে মিরপুর ১১ নম্বর এলাকায় একটি ডাস্টবিনের ময়লায় আগুন লাগার খবর পান তারা। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে ধোঁয়া দেখতে পায় এবং পানি ছিটিয়ে তা নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের দাবি, জ্বলন্ত ফানুস থেকে এ আগুনের সূত্রপাত।  

এরপর রাত ১২টা ৫৩ মিনিটে ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের পার্শ্ববর্তী স্বপ্ন সুপার শপের পরিত্যক্ত মালামালে আগুন লাগার খবর আসে। তবে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। এখানেও জ্বলন্ত ফানুস থেকে আগুন লেগেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।  

নতুন বছরকে বরণ করে নিতে ‘থার্টিফার্স্ট নাইট’ উদযাপনের সময় রাজধানীতে অনেককে আতশবাজি ও পটকা ফাটাতে দেখা গেছে, যদিও আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে বিধিনিষেধ আরোপ করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *