
রাজধানীর বসিলা এলাকা থেকে লও ঠেলা গ্রুপের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। ৫ জানুয়ারি বসিলা এলাকায় ছিনতাইকারী গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোহরাওয়ার্দী আর্মি ক্যাম্পের গোয়েন্দা দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে ‘লও ঠেলা’ গ্যাংয়ের সদস্যরা ওই এলাকায় সক্রিয়। সেনাবাহিনীর টহল দল দ্রুত অভিযান শুরু করে এবং তাদের পরিকল্পনা অনুযায়ী সন্ধ্যা ১০টা ৪৫ মিনিটে গ্যাংয়ের নেতা রিয়াদ (১৯) কে আটক করতে সক্ষম হয়।
আটককে সোহরাওয়ার্দী আর্মি ক্যাম্পে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ফলোআপ অপারেশন পরিচালনা করা হয়, যেখানে সেনাবাহিনীর তিনটি টহল দল আরশিনগর ও বসিলা এলাকায় গিয়েও পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান চালায়। রাত ১১টা ৪৫ মিনিটে গ্যাংয়ের আরও দুই সদস্য সোহাগ (১৯) ও সেলিম (১৮) কে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ১টি চাপাতি, ৯টি ছুরি, ১টি আধুনিক স্ক্রু ড্রাইভার, ২টি ফোল্ডিং ছুরি, ১টি ছিনতাইকৃত মোটরসাইকেলের চাবি, ১টি ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তিনজনকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।