রাজবাড়ীতে ট্রাকের নিচে চাপা পড়ে যুবকের মৃত্যু, আহত ৭

রাজবাড়ীর কালুখালীতে ট্রাক ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে মো. আলমাস নামে এক যুবককে মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের বাড়ি গোয়ালন্দ উপজেলার মমিনহাট এলাকায়।

আজ বুধবার (৩১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার দূর্গাপুর বাসস্টান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নছিমনের আরও ৭ যাত্রী গুরুতর আহত অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি হয়েছে।

দুর্ঘটনাকবলিত নছিমন চালক মো. মুকুল হোসেন বলেন, আমরা নাটর জেলার লালপুর থেকে গোয়ালন্দ যাচ্ছিলাম। দূর্গাপুর বাসস্ট্যান্ড থেকে কিছু দূর সামনে পৌঁছালে রাজবাড়ী দিক থেকে আসা সিমেন্ট বোঝাই ট্রাকের সামনে স্কেল ভেঙে নিয়ন্ত্রণ হারায়। এসময় ট্রাকটি সড়কের বিপরীত পাশে চলে আসলে আমি নছিমন খাদে নামিয়ে দেই। নছিমনের পেছনে থাকা আলমাস ছিটকে পড়ে। তখন সে ট্রাকের সামনের চাকার নিচে পড়ে যায়।

কালুখালী ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। আমাদের উদ্ধার সরঞ্জাম না থাকায় পুলিশের ক্রেন ব্যবহার করি।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, ধারণা করা হচ্ছে ট্রাকের নিচে চাপা পড়া আলমাস নামে যুবক মারা গেছে। তবে বাকি ৭ জন হাসপাতালে চিকিৎসাধীন। ট্রাক ও নছিমন উদ্ধারে কাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *