
রাজধানীর রামপুরায় জুলাই-অগাস্ট মাসে ২৮ জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবির সাবেক দুই কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চার আসামি হলেন—বিজিবির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম, মেজর মো. রাফাত বিন আলম মুন, ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো. মশিউর রহমান।
প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম ট্রাইব্যুনালে এ চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপন করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন। মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ২২ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
এর আগে সকালে প্রসিকিউটর ফারুক আহাম্মদ ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন। অভিযোগে বলা হয়, জুলাইয়ের আন্দোলনের সময় রাজধানীর রামপুরায় ২৮ জন নিহত হন। সেই সময় বিজিবি কর্মকর্তা রেদোয়ানুল ইসলামকে আন্দোলনকারীদের ওপর সরাসরি গুলি করতে দেখা যায় বলে অভিযোগ ওঠে।
গত ৫ জুলাই থেকে ৫ অগাস্ট পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলনের সময় সারা দেশে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের নানা অভিযোগ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন অফিসে জমা পড়ে। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, আওয়ামী লীগের নেতাকর্মী, সাহিত্যিক ও গণমাধ্যমকর্মীদের অনেকে অভিযুক্ত হয়েছেন।
বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এবং ট্রাইব্যুনাল-২-এ এসব মামলার বিচার কার্যক্রম চলছে।