
খুলনার রূপসা নদীতে রূপসা রেল সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লেগে এম ভি সেভেন সার্কেল-২৩ নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে। বৃহস্পতিবার (৩০ জানুয়রি) দিবাগত রাত ২টার দিকে রেল সেতুর পিলারে ধাক্কা দেওয়ার পর জাহাজটি ডুবে যায়।
আজ শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে সেটি উদ্ধারে কাজ শুরু করেছে কোস্ট গার্ড। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক।
তিনি জানান, হারবারিয়া থেকে এক হাজার ১৭৫ টন সিমেন্ট তৈরির কাঁচামাল নিয়ে রূপসাগামী লাইটার জাহাজটি শুক্রবার মধ্যরাত ২টায় রূপসা নদীর রেল ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনায় পতিত হয়।
জাহাজটির ওয়াটার লেভেল থেকে আনুমানিক দুই ফুট নিচে ড্যামেজ হয় উল্লেখ করে তিনি বলেন, ‘এর ফলে জাহাজের ভেতরে পানি প্রবেশ করতে শুরু করে। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা (৯৯৯) ও স্থানীয় সূত্রে কোস্ট গার্ডের নিকট সহায়তা চাওয়া হলে তৎক্ষণাৎ বাংলাদেশ কোস্ট গার্ডের রূপসা স্টেশনের একটি একটি উদ্ধারকারী দল ডাইভিং বোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার কার্যক্রম শুরু করে।’
তিনি আরও বলেন, ‘ঘটনাস্থল পর্যবেক্ষণ করে দেখা যায়, নোঙ্গররত লাইটার জাহাজটির অর্ধেকের বেশি অংশ ডুবে গেছে। জাহাজে অবস্থানরত ১৩ জন ক্রুর সকলে নিরাপদে রয়েছেন। তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি’