শাহজালাল বিমানবন্দরের আগুন পুরোপুরি নিভেছে : ফায়ার সার্ভিস

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন প্রায় ২৭ ঘণ্টা চেষ্টার পর সম্পূর্ণ নেভানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। একইসঙ্গে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে সতর্ক করেছে সংস্থাটি।

আজ রোববার (১৯ অক্টোবর) বিকেলে এক ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এ কথা জানিয়েছেন।

ফায়ার সার্ভিসের পরিচালক বলেন, কার্গো ভিলেজের আগুন বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে সম্পূর্ণ নির্বাপণ করা হয়েছে। ভেতরে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো ডিটেকশন ও প্রটেকশন সিস্টেম থাকলে আগুন নেভাতে এত বেগ পেতে হতো না। স্টিলের পরিমাণ বেশি থাকায় তাপ বেশি ধারণ করেছে বলেও জানান তিনি।

মোহাম্মদ তাজুল আরও বলেন, আগুন সম্পূর্ণ নির্বাপণ হলেও ফায়ারের চারটি ইউনিট ঘটনাস্থলে অবস্থান করবে। ওখানকার স্টোরটি খুবই সংকীর্ণ ছিল। অনেক দাহ্য জিনিস ছিল, এজন্যই দেরি হয়েছে। তবে ফায়ার সার্ভিসকে ঢুকতে না দেওয়ার কোনো অভিযোগ পাওয়া যায়নি।

ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে উল্লেখ করে ফায়ার সার্ভিসের পরিচালক বলেন, এর ভেতরে ফাটল ধরেছে। কেমিক্যালের কারণে কিছুটা পরিবেশের ঝুঁকি থাকে, তবে অতটাও নয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুজন আহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *