শাহজালাল বিমানবন্দরে ৮৮৭.৫০ গ্রাম স্বর্ণসহ আটক ৩

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্ট আর্মড পুলিশ তিনটি পৃথক ঘটনায় মোট ৮৮৭.৫০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে। এ সময় তিনজনকে আটক করা হয়েছে।

এয়ারপোর্ট আর্মড পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার বিমানবন্দরের বহির্গমন ও আগমনী টার্মিনালের গোলচত্বর এলাকায় মো. সালেহ ফয়সালকে (২৭) ২৯৩.৫০ গ্রাম স্বর্ণালঙ্কারসহ আটক করা হয়। এর বাজার মূল্য ৩৬ লাখ ১০ হাজার ৫০ টাকা।

একইদিন দুপুরে ২ নং আগমনী টার্মিনালের মিডিয়া কর্নার সংলগ্ন এলাকায় মনিরুল ইসলাম (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তল্লাশির সময় তার কাছ থেকে ৩৯৫ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। এর আনুমানিক বাজার মূল্য ৪৬ লাখ ২১ হাজার ৫০০ টাকা। উভয় ঘটনায় ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনের ধারায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়াও মাসুম রানা (৩২) নামে এক ব্যক্তিকে ২ নং আগমনী টার্মিনালে ১৯৯ গ্রাম স্বর্ণালঙ্কারসহ আটক করা হয়। পরে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানো হয়েছে।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে স্বর্ণ আনার সঙ্গে জড়িত। এছাড়া দীর্ঘদিন ধরে তারা বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের রিসিভার হিসেবে কাজ করে আসছে।

এ বিষয়ে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, বিমানবন্দর এলাকায় চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে আমরা সতর্ক। স্বর্ণ চোরাচালান রোধে বরাবরের মতোই শক্ত অবস্থানে আছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *