সচিবালয়ে আগুনের ঘটনায় একাধিক তদন্ত কমিটি গঠন করা হবে

রাজধানীতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে গতকাল রাতে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে সচিবালয়ের সামনে এক ব্রিফিংয়ে তিনি বলেন, আগুনটি ষষ্ঠতলায় শুরু হয় এবং পরে উপরের দিকে ছড়িয়ে পড়ে, তবে নিচে আসেনি। ফায়ার সার্ভিসে প্রথম খবর আসে রাত ১টা ৫২ মিনিটে এবং তারা ১টা ৫৪ মিনিটে আগুন নিভানোর কাজ শুরু করে। সকাল ৮টা ৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

তিনি জানান, এই ঘটনায় ফায়ার সার্ভিসের এক সদস্য মো. সোহানুজ্জামান নয়ন নিহত হয়েছেন। দুর্ঘটনাবশত, তিনি একটি পাইপ নিয়ে বের হওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়, যার ফলে তিনি আহত হন এবং পরে মারা যান। এছাড়া, আরও দুই থেকে তিনজন ফায়ার সার্ভিস কর্মী আহত হয়েছেন, তবে তারা বর্তমানে সুস্থ আছেন।

এদিকে, স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, আগুনের ঘটনার তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হবে। কেবিনেট সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে এবং হাই-পাওয়ার একটি তদন্ত কমিটি গঠন করা হবে, বলেন তিনি।

তিনি আরও বলেন, এখনই আমরা বলতে পারব না যে, এটি কোনো ষড়যন্ত্র বা নাশকতার ঘটনা ছিল কি না। তদন্তের পর আমরা এ বিষয়ে নিশ্চিত হতে পারবো। আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তদন্তের পরে আগুনের উৎস সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে ১টা ৫২ মিনিটে ফায়ার সার্ভিসে আগুন লাগার খবর পাওয়া যায়। কিছুক্ষণের মধ্যেই আগুনের তীব্রতা বৃদ্ধি পায় এবং ১৯টি ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৬ ঘণ্টা পর বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। 

নিহত ফায়ার ফাইটার মো. সোহানুজ্জামান নয়ন তেজগাঁও ফায়ার টিমের স্পেশাল ব্রাঞ্চের সদস্য ছিলেন এবং তার বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলায়। তিনি দুই বছর ধরে ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *