সন্দ্বীপে নৌবাহিনীর অভিযানে মাদক ও দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় বাংলাদেশ নৌবাহিনীর পরিচালিত যৌথ অভিযানে মাদক ও আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন রকমের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২২ এপ্রিল) দিবাগত রাতে সন্দ্বীপ উপজেলাস্থ আজিমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে বিশেষ অভিযান পরিচালনা করে এসব অস্ত্র উদ্ধার করেছে নৌবাহিনী ও পুলিশ।

অভিযানকালে উক্ত এলাকার চিহ্নিত সন্ত্রাসী মামুনের বাড়িতে তল্লাশি করে মাদক এবং তার বাড়ির পিছনের খাল হতে পিস্তল, চাইনিজ কুড়াল, চাপাতিসহ ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সন্ত্রাসী মামুনের বিরুদ্ধে জোরপূর্বক অন্যের জমি দখল, মারামারি, অবৈধ অস্ত্র, মাদক ব্যবসা ও চাঁদাবাজির সাথে জড়িত থাকার অভিযোগও পাওয়া গেছে। বর্তমানে সন্ত্রাসী মামুন আত্মগোপনে আছে বলে জানা গেছে।

অভিযানে জব্দকৃত অস্ত্রসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সন্দ্বীপ থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সন্দ্বীপসহ নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়মিত অভিযান চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *