
সাভারে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ একটি ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, সুইস গিয়ার ছুরি এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন সোহেল, সম্রাট, সুমন, দুর্জয় ও সমর। তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থেকে নবীনগর এলাকায় যাত্রীদের জিম্মি করে ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। যৌথ বাহিনী জানিয়েছে, এই চক্রটি প্রতিদিন মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের কাছ থেকে নগদ অর্থ, মোবাইল ফোন ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিত। গ্রেপ্তারকৃত সোহেলের বিরুদ্ধে একটি হত্যা মামলাও রয়েছে।
এই চক্রের সদস্যদের গ্রেপ্তারের ফলে মহাসড়ক ব্যবহারকারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা-আরিচা মহাসড়কে নিয়মিত নিরাপত্তা তৎপরতা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। যৌথ বাহিনীর এই অভিযানে নবম পদাতিক ডিভিশনের ৮১ পদাতিক বিগ্রেডের অধীনস্থ ২৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং আশুলিয়া থানা পুলিশের সদস্যরা অংশ নেন। স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা এই গ্রেপ্তারে স্বস্তি প্রকাশ করে যৌথ বাহিনীর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।