
সিলেটের সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় আটকের সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
আটক দুই ভারতীয় নাগরিকের মধ্যে একজনের নাম ব্লোমিং স্টার (৩২)। তিনি ভারতের শিলংয়ের ইস্ট খাসিয়া হিল জেলার ওয়ামলিংক এলাকার মৃত কয়াইতের ছেলে। অপর ব্যক্তির নাম লোকাস (৫৫)। তিনি ভারতের শিলংয়ের ইস্ট খাসিয়া হিল জেলার বার্মন টিলা এলাকার মৃত গোমারুর ছেলে।
বিজিবি জানায়, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) গোয়াইনঘাট সীমান্তের দমদমা নামক এলাকার সীমান্ত পিলার ১২৬০/৪-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় নাগরিক ব্লোমিং স্টারকে (৩২) এবং কলাউরা নামক এলাকার সীমান্ত পিলার ১২৩৬ হতে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লোকাসকে (৫৫) আটক করা হয়।
অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে আটক দুই ভারতীয় নাগরিককে থানায় হস্তান্তর করা হয়েছে।