সিলেট সীমান্তে ১ কোটি ২০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

সিলেটের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ২০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ সংবাদ মাধ্যমে পাঠানো বার্তায় এই তথ্য জানিয়েছে বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

এতে বলা হয়েছে, ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সংগ্রাম, প্রতাপপুর, পান্থুমাই, বিছনাকান্দি, তামাবিল এবং দমদমিয়া বিওপির সদস্যরা বিপুল পরিমাণ ভারতীয় সানগ্লাস, গরু, অ্যালোভেরা জেল, শাড়ি, বাসমতি চাল, সুপারী, জিরা, সাবান, আদা, কিসমিস, বডি স্প্রে, শ্যাম্পু, হেয়ার অয়েল, ফেস ওয়াস, লবণ, আইবল ক্যান্ডি, নিভিয়া সফ্ট ক্রিম, চা-পাতা এবং নাইসিল পাউডার আটক করে। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ ৩৩ হাজার ১৫০ টাকা।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান, মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *