সুন্দরবনে ডাকাতের হাতে জিম্মি ৪ জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদ জব্দ

সুন্দরবনে ডাকাতের হাতে জিম্মি থাকা ৪ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ সময় অস্ত্র ও গোলাবারুদও জব্দ করে বাহিনীটি।

শুক্রবার (৩ অক্টোবর) ভোরে এই অভিযান চালানো হয়। পরে বেলা সাড়ে ১২টায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায় কোস্ট গার্ড।

উদ্ধারকৃত জেলেরা হলেন, খুলনার কয়রা থানার বাসিন্দা মো. মফিজুল ইসলাম (৪২), মো. হাবিবুর রহমান (৩৭), দাকোপ থানার বাসিন্দা মো. হাবিবুর (৩৫) ও সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাসিন্দা শাহজাহান গাজী (৪০)।

উদ্ধারকৃতরা জানান, জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা তাদের ১০ দিন ধরে জিম্মি করে রেখে মুক্তিপণ আদায়ের জন্য নির্যাতন করেছে।

কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট ইকরা মোহাম্মদ নাসিফ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডাকাতদের আত্মসমর্পণ করার আহ্বান জানাতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে ডাকাতরা বোট ও জিম্মিদের রেখে বনের ভেতর পালিয়ে যায়।

তিনি আরও বলেন, অভিযানে ডাকাতদের বোট তল্লাশি করে ১টি একনলা বন্দুক, ২টি এয়ারগান এবং ৩ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করে। এ সময় জিম্মি থাকা ৪ জেলেকেও উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *