‘সেফ জোনে’ও বিমান হামলা, ১২ ফিলিস্তিনি নিহত

গাজার দক্ষিণের শহর খান ইউনিস ও রাফাহ ছেড়ে ‘সেফ জোনে’ গিয়েও শেষরক্ষা হলো না। কথিত ‘নিরাপদ’ অঞ্চলেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে আজ বুধবার ভোরে প্রাণ গেছে শিশুসহ ১২ ফিলিস্তিনির। খবর আল জাজিরার।

ইসরায়েলি সামরিক কর্তৃপক্ষ স্থল অভিযান শুরুর আগে গত সোমবার গাজার খান ইউনিস ও রাফাহ শহর ছাড়তে নির্দেশ দেয় শহর দুটিতে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের। নির্দেশনা অনুযায়ী গত দুইদিনে নিরাপদ আশ্রয়ের খোঁজে যেতে বাধ্য হয়েছে হাজার হাজার ফিলিস্তিনি।

তবে জীবন বাঁচাতে পালাতে থাকা এসব মানুষের ওপরও বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। একটি সূত্র জানিয়েছে, খান ইউনিস শহরের পূর্বাঞ্চল থেকে ‘নিরাপদ অঞ্চলে’ যাওয়া মানুষজনের ওপর বিমান হামলা চালানো হয়েছে।

ইসরায়েলি বিমান হামলায় আজ বুধবার ভোরে ১২ ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে একটি পরিবারের নয়জন সদস্য রয়েছে।

ইসরায়েলের স্থল অভিযানের শঙ্কায় খান ইউনিসের ইউরোপীয় হাসপাতাল থেকে শত শত অসুস্থ ও আহত মানুষ পালিয়ে গেছে। স্থল আক্রমণের হাত থেকে হাসপাতালটিকে রক্ষা করার জন্য অনুরোধ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি রিক পিপারকর্ন।

জাতিসংঘ অনুমান করছে, খান উইনিস ও রাফাহ থেকে দুই দিনে অন্তত আড়াই লাখ মানুষ ইসরায়েলের খালি করে দেওয়ার নির্দেশের পর বাড়িঘর ছেড়েছে। এ নিয়ে গাজায় মোট বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ১৯ লাখে পৌঁছেছে।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। অব্যাহত নির্বিচার হামলায় গাজায় মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ৩৭ হআজার ৯২৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন ৮৭ হাজার ১৪১ জন।